পাহাড়ে বসছে মিমির তিন দিনের বিয়ের আসর

মিমি চক্রবর্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবরে এখন সরগরম জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকা। শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত সেই পাড়ায় পাশাপাশি অবস্থিত মিমির বাড়ি এবং মামাবাড়ি।
আদরের মেয়ের বিয়ের দিন ঘনিয়ে আসায় এখন নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন মামাবাড়ির সদস্যরা। মামা রাম চক্রবর্তী জানান, ‘এটাই তো স্বাভাবিক। এই দিনেরই তো অপেক্ষায় ছিলাম আমরা।’
কলেজ জীবন থেকেই কলকাতায় থিতু হলেও জলপাইগুড়ির শিকড়ের প্রতি মিমির টান বরাবরই গভীর। সুযোগ পেলেই ছুটে যান পাণ্ডাপাড়ার বাড়ি ও মামাবাড়িতে, পাড়ার ক্লাবের পুজোয় ঢাকও বাজিয়েছেন বহুবার।
তার বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে মামা রাম চক্রবর্তী জানান, ‘আয়োজনটি একেবারেই ঘরোয়া রাখা হয়েছে। কলকাতাতেই বিয়ে হবে। তবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে পাহাড়ে।’
জানা গেছে, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় মিমির বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগেই বাগদান ও অন্যান্য মাঙ্গলিক পর্ব কলকাতাতেই সেরে নেওয়া হবে। এরপর আগামী ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে পরবর্তী অনুষ্ঠান, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
দুই জায়গায় আয়োজন থাকায় মিমির মামাবাড়ির প্রায় অর্ধশতাধিক আত্মীয়-স্বজন দুই ভাগে বিভক্ত হয়ে কলকাতা ও কালিম্পংয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। কালিম্পংয়ের আয়োজনে বিনোদন জগতের মিমির ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ভাগ্নি জামাইয়ের পরিচয় নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন মামাবাড়ির সদস্যরা, বিষয়টি ‘সারপ্রাইজ’ হিসেবেই রাখতে চাইছেন তারা।
তবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের কার্ড এবং নানা গুঞ্জনে সিদ্ধার্থ দত্তর নামটি বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে।
ভাইরাল হওয়া সেই কার্ডে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিমির তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু-র ছবি, যাদের নিয়ে অভিনেত্রীর আলাদা এক ভুবন রয়েছে।
পাত্র প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মামাবাড়ির পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, মিমি তাদের অত্যন্ত আদরের; মিমির পছন্দ ও মনের মতো করেই সব আয়োজন সাজানো হচ্ছে এবং এতে পরিবারের সবাই দারুণ আনন্দিত।




