গায়কের গাড়িতে কিশোরীর মরদেহ, মৃত্যুর লোমহর্ষক কারণ জানাল পুলিশ

কিশোরী সেলেস্তে রিভাস হার্নান্দেজের মৃত্যুর প্রকৃত কারণ দীর্ঘ আট মাস পর প্রকাশ করেছেন তদন্তকারীরা।
জনপ্রিয় টিকটক তারকা ও গায়ক ডেভিডের (D4vd) গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার হওয়া ১৪ বছর বয়সী কিশোরী সেলেস্তে রিভাস হার্নান্দেজের মৃত্যুর প্রকৃত কারণ দীর্ঘ আট মাস পর প্রকাশ করেছেন তদন্তকারীরা। বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস জানিয়েছে, কিশোরীটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিডের মালিকানাধীন একটি টেসলা গাড়ির সামনের ট্রাঙ্কে একটি কালো জিপার ব্যাগের ভেতর থেকে সেলেস্তের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, তার বুকে ও পেটে ধারালো কোনো বস্তু দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। ফরেনসিক দল কিশোরীর ক্ষতস্থানের ভেতরে নীল প্লাস্টিকের অবশিষ্ট অংশও খুঁজে পেয়েছে। চিকিৎসকদের মতে, শরীরের ভেতরে হওয়া গভীর জখম বা পেনিট্রেটিং ইনজুরিই তার মৃত্যুর মূল কারণ।
২০২৫ সালের ২৩ এপ্রিল হলিউড হিলসে গায়ক ডেভিডের বাসায় যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সেলেস্তে। মে মাসের দিকে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ তার মৃত্যু হয়েছিল মরদেহ উদ্ধারের অন্তত চার মাস আগে। দীর্ঘদিন পার হয়ে যাওয়ায় শরীর পচন ধরায় তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘রোমান্টিক হোমোসাইড’ খ্যাত ২১ বছর বয়সী গায়ক ডেভিড অ্যান্থনি বার্ক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীদের দাবি, প্রকৃত তথ্য সামনে এলে প্রমাণিত হবে যে ডেভিড এই খুনের সঙ্গে জড়িত নয়।
মেয়ের মৃত্যুর কারণ জানার পর ভেঙে পড়েছেন সেলেস্তের মা-বাবা। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘সেলেস্তে নাচ-গান খুব ভালোবাসত। প্রতি শুক্রবার আমরা একসঙ্গে মুভি দেখতাম। আমাদের আদরের মেয়েটি এক রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আমরা শুধু আমাদের মেয়ের হত্যার বিচার চাই।’
এই ঘটনার পর ডেভিডের ওয়ার্ল্ড ট্যুর বাতিল করা হয়েছে এবং বড় বড় ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি বাতিল করেছে। আজ বৃহস্পতিবার ডেভিডকে আবারও লস অ্যাঞ্জেলেসের আদালতে তোলা হবে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, তড়িঘড়ি করে নয় বরং সঠিক তথ্য-প্রমাণ নিশ্চিত করতেই তারা সময় নিয়েছেন, যাতে অপরাধী কোনোভাবেই পার না পায়।



