বিশ্বকাপে চমক সালমা হায়েক

ফুটবল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে চমক হয়ে ধরা দিলেন অস্কার মনোনীত মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচির পোশাক পরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হাজির হন তিনি। তার উপস্থিতি হৃদয় জিতে নিয়েছে দর্শকের। ১১ জুন স্থানীয় সময় দুপুরে আসরের আসরের উদ্বোধন অনুষ্ঠানে তার হাতে বিশ্বকাপ ট্রফি দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এবার ট্রফি জিততে মাঠে লড়বে ৪৮ দল। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে মেক্সিকোতে স্বাগত জানান সালমা হায়েক। ৫৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘মেক্সিকানরা অত্যন্ত সম্মানিত যে, এখানেই প্রথম খেলা শুরু হচ্ছে। ফুটবল চলতে থাকুক!’
মেক্সিকান নায়িকাদের মধ্যে সালমা হায়েক সবচেয়ে বিখ্যাত। তার রূপ আর অভিনয়ের গুণ সব বয়সী দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। বিশ্বকাপের মতো বৃহৎ আসরে অন্যতম স্বাগতিক দেশ হিসেবে মেক্সিকোর সাংস্কৃতিক দূত আর কেইবা হতে পারতেন! ফিফা তাই তাকেই হাজির করে প্রশংসিত হয়েছে।
মেক্সিকান সংস্কৃতি, ফুটবলের জয়গান ও সুরের মূর্ছনায় ২৩তম ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধন হয়। এরপর খেলায় দেশের জয় দেখেছেন সালমা হায়েক। আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো।
বিশ্বকাপের গানে আরেক বাংলাদেশি
বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে গান গাওয়ার গৌরব অর্জন করেছেন। চমকপ্রদ খবর হলো, ‘সির সির’ শিরোনামের এ গান তৈরিতে কাজ করেছেন আরেকজন বাংলাদেশি। তিনি ওয়ারফেজ অরিজিনাল লাইনআপের সদস্য রাসেল আলী। ব্যান্ডটির আরেক সাবেক সদস্য বাবনা করিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জানেন কি? আমাদের রাসেল আলী ‘সির সির’ গানের সহপ্রযোজক এবং সহগীতিকার! বিশ্বমঞ্চে আমাদের অত্যন্ত প্রতিভাবান রাসেল আলীর কাজকে উদযাপন করতে চাই! ভালোবাসি তোমাকে, রাসেল আলী!’
২৩তম ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তিন দেশে। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে গতকাল ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সঞ্জয় দেব, নোরা ফাতেহি ও ভেজিড্রিম। এর আগে ১০ জুন ফিফা কাউন্টডাউন কনসার্টে টরন্টোতে ‘সির সির’ পরিবেশন করেন তারা।




