৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব
প্রথমবার একসঙ্গে দুই বোন

রুনি মারা ও কেট মারা। ছবি: সংগৃহীত
ব্রিটিশ যমজ বোন জিন ও জোয়ান হলব্রুকের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে, তারা একই সঙ্গে কথা বলে, একই স্বপ্ন দেখে, এমনকি একই পুরুষের প্রেমে পড়ে। দুই বোন যেন একই সত্তা। তাদের বাস্তব জীবনের গল্প নিয়ে জার্মানির ভের্নার হারজোগ পরিচালনা করলেন নতুন সিনেমা ‘বাকিং ফাস্টার্ড’। এতে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন রুনি মারা ও কেট মারা। বাস্তবে তারা সম্পর্কে বোন। এবারই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি রয়েছে গোল্ডেন লায়নের জন্য মূল প্রতিযোগিতায়।
‘বাকিং ফাস্টার্ড’-এর শুটিং শুরুর আগে রুনি ও কেট মারাকে দুই সপ্তাহ মহড়া করতে বলা হয়েছিল। তাদের মহড়া দেখে এতটাই মুগ্ধ হন হারজোগ, যে নির্ধারিত দুই সপ্তাহের মহড়া মাত্র পাঁচ দিনে কমিয়ে আনেন তিনি।
‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ এবং ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ সিনেমার জন্য পরিচিত রুনি মারা বলেছেন, ‘ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠার সুবাদে কেট আর আমার মধ্যে এমন এক সহজাত বোঝাপড়া তৈরি হয়েছে, যা ক্যামেরার সামনে অভিনয়ের সময় খুব স্বাভাবিকভাবেই কাজে লেগেছে।’
সিনেমায় দুই বোনের প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লুম। শেষ পর্যন্ত তিনি অন্য এক নারীর জন্য দুই বোনকে ছেড়ে দিলে পরিস্থিতি ভয়ংকর দিকে মোড় নেয়। রয়টার্সকে ব্লুম বলেছেন, ‘সিনেমাটি যেন একটি কবিতার মতো। আর দুই বোন ছিলেন এর কেন্দ্রবিন্দু, যাদের দেখে আমরা একপ্রকার মুগ্ধ হয়ে থাকতাম।’
প্রথমবার এমি জিতলেন ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার ও অক্টাভিয়া স্পেন্সার
০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা
মূল প্রতিযোগিতায় জাপানি পরিচালক শিনিয়া সুকামোতোর ‘মিস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল?’ দেখানো হয়েছে শুক্রবার। আফ্রিকান-আমেরিকান সাবেক মার্কিন মেরিন অ্যালেন নেলসনের আত্মজীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় ভিয়েতনাম যুদ্ধে হত্যাযজ্ঞ, অপরাধবোধ ও পিটিএসডির ভয়াবহতা উঠে এসেছে।
অপরাধবোধ ও মুক্তির প্রশ্ন
৮০ বছর বয়সী আমেরিকান নির্মাতা পল শ্রেডারের নতুন সিনেমা ‘দ্য বেসিকস অব ফিলোসফি’ প্রদর্শনী হয়েছে প্রতিযোগিতার বাইরে। এক দর্শনের অধ্যাপককে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। অতীতের এক ভয়ংকর গোপন ঘটনা তাকে তাড়িয়ে বেড়ায়।
দুই সিআইএ এজেন্টের গল্প
উৎসবের দ্বিতীয় দিন ছিল আইরিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’ চলচ্চিত্রের প্রদর্শনী। এতে সিআইএর এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন জন ম্যালকোভিচ ও স্যাম রকওয়েল। সিনেমাটিতে বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সিআইএর হস্তক্ষেপের সরাসরি সমালোচনা করা হয়েছে।






