প্রথমবার এমি জিতলেন ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার ও অক্টাভিয়া স্পেন্সার

ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার ও অক্টাভিয়া স্পেন্সার। ছবি: কোলাজ
বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি ‘এমি অ্যাওয়ার্ডস’। আর এবারের ক্রিয়েটিভ আর্টস এমির প্রথম রাতটি পরিণত হয়েছিল এক ইতিহাস গড়ার মঞ্চে! সংগীত আর অভিনয় জগতের তিন জনপ্রিয় তারকা— ব্যাড বানি, সাবরিনা কার্পেন্টার এবং অক্টাভিয়া স্পেন্সার নিজ নিজ ক্যারিয়ারের প্রথম এমি ট্রফি ঘরে তুলেছেন।
পুয়ের্তো রিকোর সংগীত তারকা ব্যাড বানি তার জাদুকরি ‘সুপার বোউল এলএক্স হাফটাইম শো’-এর জন্য সেরা লাইভ ভ্যারাইটি স্পেশাল বিভাগে এমি জয় করেছেন। এই শোতে তিনি শুধু পারফর্মই করেননি, ছিলেন মূল প্রযোজকের ভূমিকাতেও।
এমির ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় সুপার বোউল শো যা এই সেরা প্রোগ্রামের খেতাব জিতল। এর আগে ২০২২ সালে ডক্টর ড্রে ও স্নুপ ডগদের ঐতিহাসিক হিপ-হপ শোটি এই সম্মান পেয়েছিল।
শুধু তা-ই নয়, ব্যাড বানির এই শোটি এক রাতেই রেকর্ড ৭টি এমি ট্রফি ঝুলিতে পুরেছে! পাশাপাশি প্রথম স্প্যানিশ ভাষার অনুষ্ঠান হিসেবে এই ক্যাটাগরিতে সেরা হওয়ার নতুন ইতিহাসও গড়েছে এটি। স্প্যানিশ অ্যালবামের জন্য প্রথমবার বর্ষসেরা অ্যালবামের গ্র্যামি জেতার ঠিক সাত মাসের মাথায় ব্যাড বানির ঝুলিতে এলো এই নতুন মুকুট।
অন্যদিকে, সংগীতাঙ্গনের নতুন ক্রাশ সাবরিনা কার্পেন্টারের জয়রথ থামছেই না! গত বছর ‘এসপ্রেসো’ গানের জন্য দুটি গ্র্যামি জেতার পর এবার তিনি ঘরে তুললেন জীবনের প্রথম এমি ট্রফি। ডিজনি প্লাসের জনপ্রিয় ‘দ্য মাপাটস শো’-এর জন্য প্রি-রেকর্ডেড ক্যাটাগরিতে সেরা ভ্যারাইটি স্পেশাল এমি পেয়েছেন তিনি। ছয়টি মনোনয়নের মধ্যে শোটি একাই বাগিয়ে নিয়েছে চারটি এমি।
এই এমি জয়ের মাধ্যমে ব্যাড বানি এবং সাবরিনা কার্পেন্টার দুজনেই ‘ইগট’ (অস্কার, গ্র্যামি, এমি ও টনি বিজয়ী) হওয়ার দৌড়ে অর্ধেক পথ পার করে ফেললেন! এখন তাদের শুধু অস্কার আর টনি অ্যাওয়ার্ড জেতা বাকি।
তবে রাতের সবচেয়ে বড় চমকটি দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার। ট্রু-ক্রাইম সিরিজ ‘লস্ট উইমেন অব আলাস্কা’-তে কণ্ঠ দেওয়ার জন্য ‘সেরা বর্ণনাকারী’ বিভাগে সবাইকে তাক লাগিয়ে এমি জিতে নেন তিনি।
স্পেন্সারের এই চমকপ্রদ জয়ের কারণে ইতিহাস গড়তে গড়তে একটুর জন্য আটকে গেলেন ১০০ বছর বয়সী বিখ্যাত প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। সবাই ভেবেছিল অ্যাটেনবরো হয়তো এবার এমি জিতে সবচেয়ে বয়স্ক বিজয়ী হবেন, কিন্তু স্পেন্সার তাকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন।
এমনকি জোডি ফস্টার ও ওয়ার্নার হারজোগের মতো জাঁদরেল তারকাদেরও টপকে গেছেন তিনি। পূর্বে অস্কার জয়ী স্পেন্সারও এখন ‘ইগট’ ক্লাব ছোঁয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন!






