সত্যিই কি রাঞ্জা চরিত্রে রোহিত? কাস্টিং এ নতুন মোড়

সংগৃহীত ছবি
ভ্যালেন্টাইনস ডে তে ইমতিয়াজ আলী এবং সাজিদ আলীর নতুন রোমান্টিক মহাকাব্য ‘হীর রাঞ্জা’র ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, নেটফ্লিক্সের ‘মিসম্যাচড’ খ্যাত অভিনেতা রোহিত সরফকে এই ছবিতে ‘রাঞ্জা’র চরিত্রে কাস্ট করা হয়েছে। তবে চলচ্চিত্র প্রেমীদের সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হলো না। এইচটি এর এক এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী জানা গেছে, রোহিত এই ছবির অংশ নন এবং কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি।
শনিবার ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সাজিদ আলীর পরিচালনায় রোহিত সরফই হতে যাচ্ছেন পুরুষ প্রধান চরিত্র। কিন্তু ছবির ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে যে, ছবির কাস্টিং প্রক্রিয়া এখনো চলছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অভিনেতা অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে।
২০১৮ সালের কাল্ট ক্লাসিক ‘লায়লা মজনু’র পর এই ছবির মাধ্যমেই আবারও পুনর্মিলন হতে যাচ্ছে ইমতিয়াজ এবং সাজিদ আলীর। একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিটি সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, ‘হীর রাঞ্জা’ হবে একটি ধ্রুপদী প্রেমের গল্প যা আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। ছবির একটি সংক্ষিপ্ত টিজার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
উল্লেখ্য, সাজিদ আলীর আগের ছবি ‘লায়লা মজনু’ মুক্তির সময় বক্স অফিসে মাত্র ৩ কোটি টাকা আয় করলেও সময়ের সাথে সাথে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৫ সালে পুনরায় মুক্তির পর ছবিটি আরও ১১ কোটি টাকা আয় করে সফলতার মুখ দেখে। সেই সাফল্যের ওপর ভিত্তি করেই নির্মাতারা এবার আধুনিক প্রেক্ষাপটে লোকগাথা নির্ভর এই নতুন প্রেমের গল্পটি নিয়ে আসছেন। কাস্টিং চূড়ান্ত হলেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



