টেলি সামাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের সময় কাটছে হাসপাতালে

‘টেলি সামাদ।’ এক সময় চলচ্চিত্রের অপরিহার্য এক চরিত্র। হাসাতেন, হাসতো মানুষ। মৃত্যুর পর তার সঙ্গে তার পরিবারও চলচ্চিত্র জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই অভিনেতার প্রয়াণ দিবসে চলচ্চিত্র জগতে যেমন নেই কোনো কর্মসূচি, তেমনই পরিবারও করতে পারেনি দোয়া মাহফিলের কোনো আয়োজন।
কেননা, টেলি সামাদের স্ত্রী রেখা সামাদ এখন হাসপাতালে। রয়েছেন সংকটাপন্ন অবস্থায়। পরিবারের সবাই এখন টেলি সামাদের স্ত্রীকে নিয়েই কঠিন সময় পার করছেন।
টেলি সামাদের কন্যা কাকলি আগামীর সময়ের সঙ্গে আলাপকালে বললেন, ‘আজ বাবার মৃত্যুবার্ষিকী কিন্তু আমরা হাসপাতালে। আমাদের মা অসুস্থ। সবাই সেটা নিয়েই দৌঁড়ঝাপ করছি। মা কিডনি রোগে আক্রান্ত। খুব কঠিন সময় পার করছি। এখন ডায়ালাইসিস চলছে।’
১৯৭৩ সালে ‘কার বউ’ ছবিতে কৌতুকাভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন টেলি সামাদ। ‘নয়নমণি’ ও ‘পায়ে চলার পথ’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান। চার দশকে তার দীর্ঘ এই অভিনয়ের ক্যারিয়ারে ৬০০ ছবিতে অভিনয় করেছেন।
২০১৯ সালের ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। অভিনেতার আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে কুমারী মা, আমার স্বপ্ন আমার সংসার, জিরো ডিগ্রী, মায়ের চোখ, রিকশাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কেয়ামত থেকে কেয়ামত, সাথী হারা নাগিন, গোলাপী এখন ট্রেনে, ভাত দে, সুজন সখী, নাগরদোলা ইত্যাদি। ২০১৯ সালের ৬ এপ্রিল মারা যান।



