‘লাপাতা লেডিজ’-এর ফুল এবার হরর-কমেডিতে

নিতাংশী গোয়েল
‘লাপাতা লেডিজ’ সিনেমায় সরল-সাদামাটা ‘ফুল’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন নিতাংশী গোয়েল। চেনা সেই মিষ্টি ও সরল ইমেজ ভেঙে এবার একেবারে ভিন্ন এক ঘরানায় হাজির হচ্ছেন তিনি।
আগামী ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন হরর-কমেডি সিনেমা ‘হিরো কি হররাইন’। সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
সাজিদ খান পরিচালিত এবং বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমার মোশন পোস্টার শেয়ার করে প্রযোজক একতা কাপুর লিখেছেন এক দারুণ সংলাপ, ‘হিরোইন দিল লে জাতে হ্যায়… হররাইন দিল খা জাতে হ্যায়!’ ভয় আর হাসির এই মজার মিশেল যে দর্শকদের বেশ চমকাবে, তা বলাই বাহুল্য।
এই সিনেমার মাধ্যমে হরর ঘরানায় আবারও ফিরছেন একতা কাপুর। নিতাংশী গোয়েলের পাশাপাশি সিনেমাতে অভিনয় করছেন যশবর্ধন আহুজা, চাঙ্কি পান্ডে, সুনীতা আহুজা এবং জেমি লিভার।
সাম্প্রতিক সময়ে বলিউড ও ভারতীয় সিনেমায় ভৌতিক গল্পের সঙ্গে হাস্যরসের মিশ্রণ দারুণভাবে কাজ করছে। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজি কিংবা ‘মুঞ্জ্যা’-র মতো সিনেমার সাফল্য তার বড় প্রমাণ।
সেই ধারাবাহিকতায় ‘হিরো কি হররাইন’ও দর্শকদের কতটা ভয় দেখাতে আর হাসাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।নতুন রূপে নিতাংশী গোয়েলকে বড় পর্দায় দেখার জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।




