চুমু দৃশ্য নিয়ে পুরনো বিতর্ক, অন্নু কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া আবার আলোচনায়

অন্নু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া
‘সাত খুন মাফ’ সিনেমায় প্রিয়াঙ্কার সাত স্বামীর মধ্যে একজন ছিলেন অন্নু কাপুর। সেই সময় গুঞ্জন উঠেছিল যে, অন্নু কাপুর সুদর্শন বা হিরো নন বলে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্নু কাপুর জানিয়েছেন, সাংবাদিকদের ক্রমাগত প্রশ্নের মুখে পড়ে তিনি বিরক্ত হয়ে সেই সময় এই মন্তব্যটি করেছিলেন।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে অন্নু কাপুর বলেছেন, ‘প্রায় ১৬ বছর আগেকার কথা। অনেক সাংবাদিক আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন প্রিয়াঙ্কা কেনো আমাকে চুমু খেতে রাজি হননি। বারবার একই প্রশ্নে বিরক্ত হয়ে আমি বলেছিলাম হয়তো আমি বড় কোনো স্টার বা হিরো হলে তিনি আপত্তি করতেন না। তবে সত্যি বলতে, এতে আমার কিছু যায় আসেনি। আমি জানতাম প্রিয়াঙ্কা আমাকে বেটা বলে ডাকতেন এবং তার বাবার সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। তাই তার অস্বস্তি থাকাটাই স্বাভাবিক।’
অন্নু কাপুর আরও জানান, পরিচালক বিশাল ভরদ্বাজই তাকে জানিয়েছিলেন যে প্রিয়াঙ্কা ওই দৃশ্যটিতে অভিনয় করতে কিছুটা দ্বিধাবোধ করছেন। অন্নু কাপুর তখন দৃশ্যটি বাদ দেওয়ার পরামর্শ দিলেও বিশাল তা শোনেননি। শেষ পর্যন্ত পেশাদারিত্বের খাতিরে তারা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন।
২০১১ সালে অন্নু কাপুরের এই মন্তব্যের পর প্রিয়াঙ্কা চোপড়া বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, অন্নু কাপুরের মতো একজন সিনিয়র অভিনেতার মুখে এমন সস্তা মন্তব্য মানায় না। প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘যদি তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার এতই শখ থাকে, তবে তার সেই ধরণের সিনেমা করা উচিত। তার এই কথাগুলো আমাকে সত্যিই খুব আঘাত করেছে।’
সিনেমার জগত থেকে বাস্তবের সম্পর্ক পুরনো এই বিবাদ আবারো নতুন করে আলোচনায় উঠে আসায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে।



