শেখ হাসিনার জন্য সকাল থেকে 'কান্না' করছেন বাম নেত্রী!

জুলাই গণঅভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করে ‘সকাল থেকে কান্না থামাতে পারছেন না’—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইংরেজিতে দেওয়া পোস্টে ফাহমিদা আলম লেখেন, “আজ সকাল থেকে আমি কান্না থামাতে পারছি না—ভাবছি আমরা কী হারিয়েছি। একদিন সবাই তা অনুভব করবে। আমি শুধু আশা করি, সেদিন যেন খুব দেরি হয়ে না যায়—যখন আমাদের সামনে মন্দের দাসত্ব মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”
পোস্টে তিনি আরও লেখেন, “৫ আগস্ট না ঘটলে আমরা কখনোই বুঝতে পারতাম না তিনি আসলে কেমন মানুষ—এমন একজন নেতা, যিনি কখনো নিজেকে মন্দের কাছে বিকিয়ে দেননি। তিনি আমাদের কল্পনার চেয়েও মহান। এক হাতে তিনি পরম যত্নে দেশের মর্যাদা রক্ষা করেছেন, আর অন্য হাতে খেলেছেন আগুন নিয়ে। এক রাতেই তিনি তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়েছেন—যে ত্যাগ তিনি স্বীকার করেছেন শুধুমাত্র দেশকে মুক্ত করার জন্য।”
ফাহমিদা আলম আরও দাবি করেন, পশ্চিমা বিশ্বের সামনে দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন এবং ভয়হীন ও আপসহীন নৈতিক অবস্থান থেকে বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার সম্ভাবনা দেখিয়েছেন।
এদিকে, ফাহমিদার এই পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ডাকসুর ভিপি প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমানে বিলুপ্ত) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল কাদের বলেন, “হাসিনার গুম, খুন ও নির্যাতনের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এদের মতো মানুষরাই পেছন থেকে ইন্ধন জুগিয়েছে। তারা গুম-খুনের পক্ষে সামাজিক বয়ান তৈরি করেছে। আমাদের এক দফার আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বৈরাচারী হাসিনা ও তার কাঠামোর বিলোপ। সেই লড়াই চলমান। এরাও সেই কাঠামোর অংশ। এদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে।”

