এইউবি ও মালয়েশিয়ার ইউএসআইএমের মধ্যে সমঝোতা চুক্তি

সংগৃহীত ছবি
উচ্চশিক্ষার সুযোগ ও আন্তর্জাতিক শিক্ষাবিনিময় সম্প্রসারণে বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক শিক্ষা গ্রহণ, গবেষণা সহযোগিতা এবং যৌথ উদ্যোগে বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
গতকাল শুক্রবার এইউবির আয়েশা মেমোরিয়াল হলে ‘হায়ার এডুকেশন অ্যান্ড দ্য পাথওয়েজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলামের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জিলানি। প্রবন্ধে উচ্চশিক্ষার বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির অ্যাম্বাসেডর ড. মো. ইউসুফ আলী। বক্তব্যে তিনি মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন।
আয়োজকেরা জানান, সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক শিক্ষাগ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক বিষয় নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা তৈরি হবে। এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন, জ্ঞানভিত্তিক কর্মশালা আয়োজন এবং শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ জোরদার করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে এইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।



