গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ইউআইইউ

প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া
বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত সক্ষমতা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নতুন জ্ঞান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী মানবসম্পদ তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো কিংবা অ্যাকাডেমিক কার্যক্রমের পরিধি দিয়ে পরিমাপ করা উচিত নয়। জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা, ইন্ডাস্ট্রির সঙ্গে কার্যকর সংযোগ এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মূল মাপকাঠি।
এই লক্ষ্য সামনে রেখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) উচ্চশিক্ষাকে শুধু শ্রেণিকক্ষ ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব দক্ষতার সমন্বয়ে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু শিক্ষার্থীদের হাতে একটি ডিগ্রি তুলে দিই না, বরং তাদের জ্ঞানী, দক্ষ, নৈতিকতা, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলি। যাতে কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হয়।
বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের মান এবং সক্ষমতা নির্ধারণে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই ইউআইইউ গবেষণা ও উদ্ভাবনকে উচ্চশিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। আমাদের শিক্ষক ও গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, অর্থনীতি, টেকসই উন্নয়নসহ সমকালীন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশের গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ তৈরিতে আমরা ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করি, একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুধু জার্নালে প্রকাশিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণার ফল যেন সরকার, ইন্ডাস্ট্রি ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে, সেগুলোর বিষয়ে আমরা সমানভাবে গুরুত্ব দিচ্ছি।
প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ইউআইইউ দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইউআইইউর শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবোটিকস, রোভার ও আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের মেধা ও সক্ষমতাকে বিশ্বদরবারে তুলে ধরছে। এসব অর্জন শুধু প্রতিযোগিতায় ভালো করার সাফল্য নয়, বরং আমাদের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা, পরিশ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন।
লেখক : উপাচার্য, ইউআইইউ।



