নর্দান ইউনিভার্সিটির নবীনবরণে বক্তারা
উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে

শনিবার নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি
প্রচলিত চাকরিনির্ভর চিন্তা থেকে বেরিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং কঠোর পরিশ্রম, সততা ও দলগত কাজের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৭ অক্টোবর) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নবীনবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। ঢাকায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের কোর্টইয়ার্ড প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা, কর্মমুখী দক্ষতা ও ব্যক্তিগত বিকাশের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান অ্যাডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের সিইও সৈয়দ আলমগীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই দায়িত্বশীল ও ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে। জীবনে সফলতার জন্য ভাগ্য কিংবা স্বীকৃতির চেয়ে কঠোর পরিশ্রম, সততা ও দলগত প্রচেষ্টা বেশি গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেছেন, ‘নর্দান ইউনিভার্সিটিকে বেছে নেওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে সাহিত্যিক লিও টলস্টয়ের দর্শন তুলে ধরে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেছেন, ‘সবাই বিশ্বকে পরিবর্তন করার কথা ভাবলেও নিজেকে পরিবর্তনের কথা খুব কম মানুষই ভাবেন। তাই অন্যকে পরিবর্তনের আগে নিজের পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে। সময়ের সর্বোচ্চ ব্যবহার, মানুষের কল্যাণে কাজ করা এবং প্রত্যেক মানুষের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে।’



