দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস

সংগৃহীত ছবি
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে চলতি বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আলোচনা সভায় এ তথ্য জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক মামুন। তার মতে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত এসব উদ্যোগের লক্ষ্য বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলা।
তিনি বলেছেন, বর্তমান সরকার বিদেশি শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনপ্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি বাংলাদেশ’ নামে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে।
প্রস্তাবিত পোর্টালের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানালেন তিনি। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বাড়বে এবং বিদেশি শিক্ষার্থী আকর্ষণের সুযোগ সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।



