জাবিপ্রবিতে কাল একাডেমি-ইন্ডাস্ট্রি সেমিনার

সংগৃহীত ছবি
শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশেষ সেমিনার আয়োজন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। একই সঙ্গে গবেষণার সঙ্গে শিল্প খাতের বাস্তব সংমিশ্রণ ঘটানো এবং শিক্ষার্থীদের আধুনিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অনুষ্ঠিত হবে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান। আগামীকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত হবে ‘দ্য রোল অব অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন: রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক এ সেমিনার।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, প্রভাষক বেলাল হোসেন প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। সেমিনারের পাশাপাশি তিনি ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।



