রাবিতে সাংবাদিকদের মারধর, বহিষ্কার ছাত্রদলের ৩ নেতা

বিশাল চক্রবর্তী (বামে), এম আহাসান হাবিব (মাঝে) ও হাসিব হাসান (ডানে)। ছবি: আগামীর সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনার শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় সংগঠনের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
আজ সোমবার রাত ৯টার দিকে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।
‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সংগঠনের সাংগঠনিক পদ এবং ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে’— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
কারণ দর্শানোর নোটিস পাওয়া রাবি শাখা ছাত্রদলের ছয় নেতা হলেন— সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু।
নোটিসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



