শ্রমিক অসন্তোষে এপেক্স স্পিনিংয়ের কারখানা লে-অফ

সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ বা লে-অফের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির পরিচালনা পর্ষদ মৌখিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা প্রাঙ্গণে চলমান শ্রমিক অসন্তোষের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
লে-অফের ফলে কারখানার প্রায় ৫ হাজার কর্মচারী ও শ্রমিক সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকবেন। সিদ্ধান্তটি ২৩ জুন থেকেই কার্যকর হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়, চাকরি-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অবৈধ ও অযৌক্তিক দাবির কারণে সৃষ্ট অচলাবস্থাই শ্রমিক অসন্তোষের মূল কারণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা লে-অফ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিয়মিত ভালো ব্যবসা ও গত কয়েক বছর ধরে ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে এপেক্স স্পিনিং। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৮ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের মালিকানা ৪৯.২৯ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (২৩ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৫৮.৭০ টাকায়।




