পাইওনিয়ার ইন্স্যুরেন্সে আয় ও শেয়ারদরে উত্থান

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদনে আয়, নগদ প্রবাহ এবং সম্পদমূল্যে উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। আর্থিক সূচকের এই উন্নতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটির অপারেশনাল দক্ষতায় বড় ধরনের উন্নতি দেখা গেছে নগদ প্রবাহের তথ্যে। আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ১৪ পয়সা। কোম্পানিটি নেতিবাচক থেকে ইতিবাচক নগদ প্রবাহে ফেরায় আর্থিক ভিত্তি আরও মজবুত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৪৬ টাকা ৯৭ পয়সা।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ধীরে ধীরে ঊর্ধ্বমুখী রয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে থেকেই শেয়ারটিতে লেনদেনের গতি এবং দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে, যা বিনিয়োগকারীদের ইতিবাচক প্রত্যাশারই প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের ৬ তারিখে শেয়ার লেনদেন হয়েছিল ৪৮ টাকা। সেখান থেকে টানা দর বেড়ে সর্বশেষ সোমবার লেনদেন হয়েছে ৬১ টাকায়।
বাজার বিশ্লেষকদের মতে, আয় বৃদ্ধি, নেতিবাচক অবস্থা কাটিয়ে ইতিবাচক নগদ প্রবাহ এবং নিট সম্পদমূল্যের উন্নতি— এই তিনটি সূচকের সম্মিলিত প্রভাব বিনিয়োগকারীদের আস্থাকে নতুন করে চাঙ্গা করেছে। ফলে কোম্পানিটির শেয়ারের প্রতি বাজারে আগ্রহ বাড়ছে।
বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এই ধারাবাহিক আর্থিক উন্নতি কোম্পানিটির কার্যক্রমে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। তবে এই প্রবৃদ্ধির ধারা কতটা টেকসই হবে, তা পরবর্তী প্রান্তিকগুলোর পারফরম্যান্স এবং সামগ্রিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

