শেয়ারবাজারে নির্বাচনের প্রভাব
ঢাকা ব্যাংক লেনদেনের শীর্ষে, ইসলামী ব্যাংক-ইবনেসিনার দর পতন

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর তার প্রত্যক্ষ প্রতিফলন দেখা গেল দেশের পুঁজিবাজারে। নির্বাচন–পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই সূচক ও লেনদেনে বড় ধরনের উত্থান লক্ষ করা গেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর প্রধান সূচক ডিএসইএক্স লেনদেনের প্রথম ঘণ্টায় ১২৬ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ বেড়ে যায়। এর ফলে সূচকটি আবারও সাড়ে ৫ হাজার পয়েন্ট অতিক্রম করে। বেলা ১১টায় প্রতিবেদন লেখার সময় ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৫২৭ পয়েন্টে—গত পাঁচ মাসের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর সূচকটি ৫ হাজার ৫৩৮ পয়েন্টে উঠেছিল।
লেনদেনেও ছিল জোরালো গতি। প্রথম ঘণ্টাতেই লেনদেনের পরিমাণ ৪১৭ কোটি টাকা ছাড়িয়ে যায়। নির্বাচনের আগে সর্বশেষ কার্যদিবস ১০ ফেব্রুয়ারি সারাদিনে লেনদেন হয়েছিল ৭৯০ কোটি টাকা। বাজার–সংশ্লিষ্টদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে দিন শেষে লেনদেন দেড় হাজার কোটি টাকা অতিক্রম করতে পারে।
গত বৃহস্পতিবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮ আসন। এ ফলাফলের সুস্পষ্ট প্রভাব তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে পড়েছে।
লেনদেন শুরুর প্রথম ৪৫ মিনিটেই শীর্ষে উঠে আসে ঢাকা ব্যাংক। এ সময় প্রায় সাড়ে ৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। প্রতিটি শেয়ারের দাম দিনের সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৪ টাকা ৮০ পয়সায়। ব্যাংকটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যরা রয়েছেন—বাজার বিশ্লেষকদের মতে, দলটির বিজয়ের প্রভাবেই এ উত্থান।
একইভাবে লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল মুন্নু গ্রুপের প্রতিষ্ঠান মুন্নু ফেব্রিক্স। মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম মানিকগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে ২৪ টাকা ৫০ পয়সায় ওঠে; লেনদেন হয় প্রায় ১২ কোটি টাকার।
অন্যদিকে জামায়াত–সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারের দর প্রথম ঘণ্টায় প্রায় ৫ শতাংশ কমে ৪৯ টাকা ৭০ পয়সায় নেমে আসে। একইভাবে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারও সোয়া ৩ শতাংশের বেশি কমেছে।
বাজার বিশ্লেষকদের ভাষ্য, নির্বাচনের ফলাফলের প্রতিফলনই আজকের লেনদেনে স্পষ্ট। বিজয়ী দলের নেতা বা নবনির্বাচিত সংসদ সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে—এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বিপরীতে অন্য রাজনৈতিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দেখা গেছে চাপ। পুঁজিবাজারে রাজনৈতিক বার্তার এমন তাৎক্ষণিক প্রতিফলনই এ দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক।



