বিডিবিএলের সঙ্গে এনইসি মানি ট্রান্সফারের চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সংগ্রহে যুক্তরাজ্যভিত্তিক রেমিট্যান্স প্রতিষ্ঠান এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। এর ফলে প্রবাসীরা আরও সহজ ও দ্রুত উপায়ে বিডিবিএলের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ লক্ষ্যে সোমবার (১০ আগস্ট) ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফারাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারভীন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হবে। এতে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




