ব্যাংক এশিয়ার নিট মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ

চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংক এশিয়া পিএলসির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আর্থিক ও নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি ৪৭২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছর একই সময়ে ৩৫১ কোটি টাকা ছিল। এ সময়ে ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। এ ছাড়া আমানত ১৯ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা পরিচালন মুনাফা বাড়াতে ভূমিকা রেখেছে। সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি আয় ৩৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ২৪ টাকা এবং নিট সম্পদমূল্য ২৮ দশমিক ৪৬ টাকায় দাঁড়িয়েছে।



