খোলাবাজারে ডলারের বিক্রয় রেট ১২৬ টাকা ৫০ পয়সা

ছবি: আগামীর সময়
খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে নতুন বিনিময় হার নির্ধারণ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)। এখন থেকে মানি এক্সচেঞ্জগুলোয় প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় ক্রয় করবে এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করবে। গতকাল সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করেছেন এমসিএবির সভাপতি এম এস জামান।
এমসিএবির সভাপতি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকেই ডলারের এ দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে দেশের সব মানি চেঞ্জারকে জানিয়ে দেওয়া হচ্ছে। ডলারের বাজারে অনৈতিক কারসাজির দায় মানি চেঞ্জারদের নয়, ব্যাংকগুলোর। অথচ বাজারে অস্থিরতা দেখা দিলেই এর দায় মানি চেঞ্জারদের ওপর চাপানোর চেষ্টা করা হয়।
সংগঠনের মহাসচিব প্রকৌশলী গৌতম দে বলেছেন, ১২৮ টাকা বা তার বেশি দামে যারা ডলার লেনদেন করছেন, তারা লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার নন। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার এনডোর্স করলেও অনেক ক্ষেত্রে যাত্রীদের নগদ ডলার দিতে না পারায় তারা খোলা বাজার থেকে ডলার কিনতে বাধ্য হচ্ছেন।






