বেনাপোল
১৩ সোনার বারসহ পাচারকারী আটক

ছবি: আগামীর সময়
বেনাপোল-যশোর সড়কের গদখালী বাজার থেকে ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ শুক্রবার দুপুরে গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে ঢাকার সায়েদাবাদ থেকে সোনার বার নিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলে করে বেনাপোল আসছে। এমন তথ্য পেয়ে বিজিবির একটি দল গদখালী বাজারে অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন ব্যক্তি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা সোনার বারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ২১ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।




