চট্টগ্রামের পুলিশ সদস্য ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত

নিহত পুলিশ সদস্য মো. জাহাঙ্গীর আলম। ছবি : আগামীর সময়
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলশী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া মুন্সী হাজী বাড়ির আব্দুল কাদেরের ছেলে। গত বুধবার ছুটিতে বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ফেনী শহরের দিকে যাওয়ার পথে গিল্লাবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, জাহাঙ্গীরের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার সকালে খুলশী থানার সামনে জানাজা শেষে মরদেহ ফেনীর গ্রামের বাড়িতে পাঠানোর কথা রয়েছে।
খুলশী থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘জাহাঙ্গীর আলম ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ফেনীতে তিনি দুর্ঘটনার শিকার হন।’
তিনি আরও বলেন, জাহাঙ্গীর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।






