নতুন ঘরের আসবাব কিনে ফেরা হল না দম্পতির

যশোর জেনারেল হাসপাতাল— সংগৃহীত
নতুন ঘরের জন্য আসবাবপত্র কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সেনানিবাসের প্রধান ফটকের সামনে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩) নিহত হন। নিহত দম্পতি যশোরের চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে চৌগাছা থেকে মোটরসাইকেলে করে যশোর শহরে আসেন আব্দুর রশিদ ও সাবিরা খাতুন। পছন্দমতো আসবাবপত্র কিনে বাড়ি ফেরার পথে যশোর সেনানিবাসের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাবিরা খাতুন।
অন্যদিকে, আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার কাছাকাছি পৌঁছালে বিকালে মারা যান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার পরই দুজনের অবস্থা খুবই গুরুতর ছিল। মাথা ও বুকে মারাত্মক আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।





