অপকর্মে জড়ালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: মন্ত্রী

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি বলেছেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী দলের নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই। জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। তবে প্রতিরোধের নামে বিএনপির কোনো নেতাকর্মী যেন সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা হয়রানিতে জড়িয়ে না পড়েন। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা (তারা মিলিটারি), সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



