কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এ নিয়ে প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের চালকসহ পাঁচজন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা, জানিয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
নাগেশ্বরী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল কুড়িগ্রাম। আর মাইক্রোবাসটি রংপুর থেকে যাচ্ছিল ভূরুঙ্গামারী। নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহতদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে মারা যান আরেকজন। উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে একজনের ও সেখানে ভর্তি করার পর মৃত্যু হয় আরও একজনের।
নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), শামীমের ভাই বাবু মিয়ার স্ত্রী তামান্না, মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (২৮)। এরমধ্যে লিমন ছিলেন মাইক্রোবাসের চালক।
ইউপি সদস্য আব্দুল কাদের জানালেন, মাইক্রোবাসে ছিলেন একই উপজেলার ১৩ জন। গাড়ি ভাড়া করে রংপুরে চিকিৎসা নিতে যাচ্ছিলেন আরোহীরা। পথে ঘটল এই দুর্ঘটনা।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা কুড়িগ্রামের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



