টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে কিশোর নিহত

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গী বাজার-আরিচপুর এলাকায় সেফটি ট্যাংকের ওপর নির্মিত একটি দোকানে বিস্ফোরণে নিহত হয়েছে রুদ্র দত্ত (১৬) নামে এক কিশোর। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সালেহা মার্কেটের নিচতলায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত রুদ্র দোকান মালিক গৌতম দত্তের ছেলে। সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
স্থানীয়দের ভাষ্য, সালেহা মার্কেটের নিচতলার দোকানটি একটি সেফটি ট্যাংকের ওপর নির্মিত। সেখানে শাখা ও সিঁদুর বিক্রি করতেন গৌতম দত্ত। ঘটনার সময় তার ছেলে রুদ্র ছিল দোকানের ভেতরে। হঠাৎ বিকট শব্দে সেফটি ট্যাংক বিস্ফোরিত হলে দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে আগুন। এতে গুরুতর দগ্ধ হয় রুদ্র। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই ঘটে থাকতে পারে এমন বিস্ফোরণ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।






