ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি ও কথিত কিশোর গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। তিনি জানালেন, বৃহস্পতিবার বিকালে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র্যাব-১১, সিপিসি-২-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির মো. ইউসুফের ছেলে। নিহত কামাল হোসেন একই ইউনিয়নের লচি সরদার বাড়ির মৃত মো. সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের লচি সরদার বাড়ির পেছনে একদল কিশোর গ্যাংয়ের সদস্য জুয়া খেলছিল এবং উচ্চ শব্দে হইচই করছিল। ওই সময় বাড়ির বাসিন্দা ফরহাদ (২৭) তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা স্থান ত্যাগ করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ফরহাদের বাড়িতে ঢুকে তাকে মারধর শুরু করেন। ভাতিজার চিৎকার শুনে ফরহাদের চাচা কামাল হোসেন এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করেন। এ সময় ইমাম উদ্দিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন।
মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও জানালেন, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার ব্যক্তিগত মালপত্রসহ চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।





