ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি: আগামীর সময়
প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে টানা দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। একটানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসে আবহাওয়ায় শীতের আমেজও অনুভূত হচ্ছে।
শুক্রবার সকাল থেকেও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত ছিল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে অনীহা দেখা গেছে অনেকের মধ্যে। বৃষ্টির কারণে বাইরে চলাচল ও দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটছে।
টানা বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে দিনের স্বাভাবিক আবহাওয়ায় পরিবর্তন এসেছে। হঠাৎ করে ঠান্ডা অনুভূত হওয়ায় অনেকের কাছে শীতের আগমনী আবহের মতো পরিস্থিতি মনে হচ্ছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানালেন, প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবেই এ বৃষ্টিপাত হচ্ছে।
তিনি বললেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরতে আরও সময় লাগতে পারে।



