ঈশ্বরদীতে তিন বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার আপন খালুকে। গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তিনি ঈশ্বরদী পৌরসভার দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। পরে অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
মামলার এজাহার থেকে জানা গেছে, শিশুটিরর মা একজন চাকরিজীবী। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার তার বড় বোনের ভাড়া বাসায় তার মেয়েকে রেখে কর্মস্থলে চলে যান তিনি। বিকালে তার বড় বোন মেয়েটিকে তাদের শয়নকক্ষে ঘুম পাড়িয়ে রেখে গোসল করতে যান। এসময় তার বড় বোনের স্বামী রানা শিশুটিকে ধর্ষণ করেন। পরে কাজ থেকে ফিরে এসে তার বড় বোনের কাছে ঘটনাটি শুনেন তিনি।
শুক্রবার রানাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান প্রণব কুমার।





