জমি নিয়ে বিরোধ
মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

গ্রাফিকস: আগামীর সময়
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ ও শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা ও তার ছেলে কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ছয়জনকে আসামি করে বৃহস্পতিবার মোরেলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। একই দিন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
মামলার এজহারে বলা হয়েছে, আবু মুসা হাওলাদার তার কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অন্যদিকে, ওই জমির ওপর কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবরদখল চেষ্টাসহ হুমকি দিয়ে হয়রানি করে আসছেন একই এলাকার ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন। ঘটনার দিন বুধবার সকালে আবু মুসা ও তার স্ত্রী বাড়িতে ঘেরাবেড়া দিচ্ছিলেন। এ সময় ছালেহ আহম্মদ ও তার লোকজন লোহার রড, দা, শাবল ও লাঠিসোটা নিয়ে হুমকি দেন ও গালমন্দ করেন। সালমা বেগম গালমন্দ করতে নিষেধ করলে তারা একযোগে হামলা চালান।
এতে আরও বলা হয়, সালমা বেগমের স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপরও হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেছেন, হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।




