এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে ফেনী শহর

এক ঘণ্টার বৃষ্টিতে ফেনীর অনেক সড়কে পানি জমে গেছে। ছবি: আগামীর সময়
টানা বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেছে ফেনী শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
আজ বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টার ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়কে জমে গেছে হাঁটুপানি। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন অংশ, সুফি সদর উদ্দিন সড়ক, পাঠানবাড়ী সড়কসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে চলাচলে বিঘ্ন ঘটে।
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের বাসিন্দা জিয়াউর রহমান সোহেল বলেছেন, ‘এক থেকে দেড় ঘণ্টা বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। বছরের পর বছর এই সমস্যা চলছে। কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।’
এদিকে জলাবদ্ধতার সুযোগ নিয়ে ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে রিকশাচালকদের বিরুদ্ধে। চাড়িপুর এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান জানান, মহিপাল থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত যেখানে সাধারণত ৩০ থেকে ৪০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ১০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘ছেলের এসএসসি পরীক্ষা চলছে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে। তাকে আনতে যেতে হচ্ছে। কিন্তু কোনো যানবাহন না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে।’
ফেনী আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



