হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন পিকআপ চালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে উল্টে থাকা পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা পিকআপের নিচে চাপা পড়ে থাকা চারজনের মরদেহ উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

