চুরির মামলায় পুলিশ কর্মকর্তাসহ চার আসামি কারাগারে

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় পুলিশের এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই সোর্সসহ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।
পুলিশ জানিয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যান। ওই সময়ে তারা গহনা চুরি করেন। এ ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়।
পরে এসআই খায়রুল বাশার, কনস্টেবল আরিফুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় আইনজীবীর বাড়ি নামে পরিচিত একটি বাড়িতে অভিযানে যান পুলিশের ওই দুই সদস্য। এসময় একটি ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন নিজের পকেটে ভরেন কনস্টেবল আরিফুল ইসলাম।
বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের পরিচয়পত্র দেখতে চান। তখন তারা পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে তাদের গণপিটুনী দেন স্থানীয়রা। এরপর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।




