বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সংগৃহীত ছবি
বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নূরুল ইসলাম নাহিদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার নাহিদ রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী নাহিদের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের পক্ষ থেকেও বিয়ের বিষয়ে ইতিবাচক সম্মতি তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ককে পুঁজি করে নাহিদ বিয়ের আশ্বাস ও নানা প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
মামলার এজাহার অনুযায়ী, সর্বশেষ গত ২৭ এপ্রিল ওই তরুণীকে আবারও ধর্ষণ করা হয়। ঘটনার পর কোনো ধরনের সামাজিক স্বীকৃতি বা বিয়ের উদ্যোগ না নিয়ে কৌশলে বিদেশে চলে যান নাহিদ। পরে দেশে ফিরে এলেও বিয়েতে অস্বীকৃতি জানান তিনি। পরে রামু থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


