মহেশপুর
শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, মীমাংসায় গিয়ে প্রাণ গেল বাবার

গ্রাফিকস: আগামীর সময়
ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে ছেলেকে রক্ষা করতে গিয়ে লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে যাদবপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম যাদবপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে। অভিযুক্ত লুৎফর রহমান (৪৫) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের ১০ বছরের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ এবং অভিযুক্ত লুৎফরের ১৩ বছরের ছেলে সোহানুর রহমান সোহানের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১টার দিকে অভিযুক্ত লুৎফর লাঠি নিয়ে জিহাদকে ধাওয়া করেন। সন্তানকে বাঁচাতে এ সময় রবিউলও তাদের পেছনে যান।
পথে রবিউলের সঙ্গে লুৎফরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড়ে ও পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে থাকেন। অবস্থার অবনতি হলে স্থানীয় যাদবপুর বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।






