কক্সবাজার
মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, জড়িতদের দ্রুত বিচার দাবি আসকের

সংগৃহীত ছবি
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক নারী ও তার কিশোরী কন্যার ওপর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার সংগঠনটির সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় আসক।
এতে বলা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৮ জুন দিবাগত রাতে ৮টার দিকে ১০ সদস্যের একটি ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। ভুক্তভোগী নারীর স্বামী চট্টগ্রাম নগরে চাকরি করেন। তিনি তার ১৫ ও ৭ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।
বিবরণ অনুযায়ী, ডাকাত দলের সদস্যরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি থেকে স্বর্ণালংকর ও নগদ অর্থ লুট করে। এরপর গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
‘এ ধরনের বর্বর ও অমানবিক ঘটনা শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্রাজেডি নয়; এটি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে’— উল্লেখ করা হয় বিবৃতিতে।
আসক মনে করে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা নাগরিকদের নিরাপত্তাবোধকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধ প্রতিরোধ, দ্রুত তদন্ত এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।
আসকের দাবি, এ ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য জরুরি চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংগঠনটি আরও মনে করে, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার এবং অপরাধীদের কোনো ধরনের প্রভাবমুক্ত রেখে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে নারী ও শিশুর প্রতি সহিংসতার কোনো স্থান নেই। তাই এ ধরনের অপরাধ দমনে রাষ্ট্রকে শূন্য সহনশীলতার নীতি কঠোরভাবে অনুসরণের আহ্বান আসকের।




