নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার বিচারক

কুয়াকাটায় হোটেলের সিসিটিভি ফুটেজ
নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ব্যাগ নিয়ে কুয়াকাটার হোটেল সি-ভিউতে ওঠেন শেখ ফারহান নাদীম। সেখানে দুই দিনের জন্য ১৩ নম্বর কাপল রুম ভাড়া নিয়ে একাই অবস্থান করছিলেন তিনি।
হোটেলটির ম্যানেজার সোলাইমান জানান, বুধবার সন্ধ্যায় একটি ব্যাগ নিয়ে ওই বিচারক হোটেলে আসেন। পরে দুই দিনের জন্য ১৩ নম্বর কাপল রুম ভাড়া নেন। তিনি একাই ছিলেন এবং স্বাভাবিক অবস্থায় ছিলেন। ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হন। পরে সাংবাদিকদের মাধ্যমে তার নিখোঁজের বিষয়টি জানতে পারেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। তবে তার ভাড়া নেওয়া কক্ষটি এখনো তালাবদ্ধ রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন। ওই দিন বাসায় না ফেরায় বুধবার পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই তার সন্ধানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের পাশাপাশি উদ্বেগে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, উদ্ধার হওয়া বিচারককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল কুয়াকাটায় আসছে। তাদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



