ফটিকছড়িতে যুবলীগের মিছিল, বিএনপির তৃণমূলে ক্ষোভ

ফটিকছড়িতে যুবলীগের মিছিল
চট্টগ্রামের ফটিকছড়িতে নানুপুর বাজার এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এ ঘটনায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, নানুপুর দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এমন এলাকায় প্রকাশ্যে যুবলীগের মিছিল হওয়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, নানুপুরের মতো এলাকায় দিনের বেলায় কীভাবে এমন রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ তৈরি হলো? এ ঘটনায় দলের সাংগঠনিক অবস্থান ও মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় নুরুল করিমের নেতৃত্বে এবং নেজাম মাহমুদের অর্থায়নে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিকভাবে চিহ্নিত এসব ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন এবং তাদের কর্মকাণ্ডের পেছনে কারা সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, গত দুই বছরে এলাকায় এ ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালনের সাহস কাউকে দেখাতে দেখা যায়নি। অথচ এখন দিনের আলোয় এমন মিছিল হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘মিছিলকারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



