নতুন পে-স্কেল থেকে বঞ্চিত হিলির ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক

ছবি: আগামীর সময়
নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পেলেও দিনাজপুরের হিলিতে এখনো তা থেকে বঞ্চিত রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। উপজেলার ৪৬টি বিদ্যালয়ের ২৭৬ জন শিক্ষকের মধ্যে নতুন স্কেলে বেতন পেয়েছেন মাত্র ৭০ জন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন পাননি। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের জন্য শিক্ষকদের অনলাইনে আইবাস++ পদ্ধতিতে পে-ফিক্সেশন সম্পন্ন করতে হয়। এরপর অনুমোদিত কপি ও হালনাগাদ সার্ভিস বুক উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে হিসাবরক্ষণ কার্যালয় থেকে ইএফটির মাধ্যমে বেতন ছাড় করা হয়।
তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে হিলির অধিকাংশ শিক্ষক এখনো নতুন স্কেলের সুবিধা পাননি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তারা অনলাইনে পে-ফিক্সেশন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এরপরও দাপ্তরিক জটিলতায় তাদের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হয়নি।
শিক্ষকদের অভিযোগ, কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার হিসাবরক্ষণ কার্যালয় খোলা রেখে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। ফলে সময়মতো বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি।
তবে শিক্ষকদের অভিযোগের সঙ্গে একমত নন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোতালেব আলম। তার দাবি, ১০ থেকে ১২ দিন আগেই উপজেলার সব শিক্ষক নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন।
অন্যদিকে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সময়মতো সার্ভিস বুক জমা না পড়ায় সব শিক্ষকের বেতন নতুন স্কেলে নির্ধারণ করা সম্ভব হয়নি। যাঁদের প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে পাওয়া গেছে, তাদের কয়েকজন নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেয়েছেন। তবে ঠিক কতজন শিক্ষক নতুন স্কেলে বেতন পেয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে, শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ কার্যালয়ের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, প্রকৃত অবস্থা যাচাই করে দ্রুত বেতন নির্ধারণের কাজ শেষ করতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনসহ নতুন স্কেলের সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।




