প্রধানমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীরা পেল গাছের চারা

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিমগাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, চতরা ডিগ্রি কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজ।
রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জন্মবার্ষিকী স্মরণীয় করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক ও চতরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



