মেশিনে কারচুপি করে কম ওজনের ইলিশ বেশি দামে বিক্রি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে এ অভিযান চালানো হয়। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি করে কম ওজনের ইলিশ মাছ চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স সিয়াম মিয়া নামের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে। অর্থদণ্ড পাওয়া ব্যক্তির নাম আপেল মাহমুদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে দেখা যায়, বিক্রেতা আপেল ওজন মেশিনের ভেতরে একটি রাবার ও রশি সংযুক্ত করে রেখেছেন। রশিটির অন্যপ্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা ছিল।
ওই রশি টেনে বা ঢিল দিয়ে তিনি ইচ্ছেমতো ওজন কম-বেশি করতে পারতেন। ফলে ক্রেতারা প্রকৃত ওজনের চেয়ে কম মাছ পেতেন।
ভবিষ্যতে একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।






