ভোলায় ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টি

সংগৃহীত ছবি
ভোলায় গত দুই দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। একই সঙ্গে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা নদী। পানিও বেড়েছে কিছুটা।
দুই দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও খোলা মাঠ পানিতে ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সড়কে যানবাহনের সংখ্যাও অনেক কম। এদিকে আবার ঝড়ো বৃষ্টির কারণে শুরু হয় লোডশেডিং।
কালবৈশাখীর বাতাসের চাপ বৃদ্ধি পাওয়ায় নদীর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানায় ভোলা পানি উন্নয়ন বোর্ড।
ভোলা আবহাওয়া অফিসের ইনচার্জ মাহাবুব জানান, গত ২৪ ঘণ্টায় আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করা হয়। আরও ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল স্বাভাবিক। তবে নৌযানের সংখ্যা সীমিত করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র ভোলা নদীবন্দর কর্মকর্তা নির্মল কুমার রায়।



