এসএসসি পরীক্ষার্থী মৃদুলের প্রাণ গেল ঝুলন্ত ডিসের তারে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়কের ওপর ঝুলে থাকা ডিস সংযোগের তারে জড়িয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃদুল সরকার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের বাঁশতলা এলাকায় সিংহশ্রী-রায়েদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল সরকার রায়েদ ইউনিয়নের তরগাঁও ১ নম্বর ওয়ার্ডের দেওনা গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মৃদুল মোটরসাইকেলে করে বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাঁশতলা এলাকায় সড়কের ওপর ঝুলে থাকা ডিস সংযোগের একটি তার মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়েদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রিমা আক্তার জানালেন, বোনের বাড়ি থেকে ফেরার পথে ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে মৃদুল মোটরসাইকেল থেকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মৃদুল এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়, ভূলেশ্বরের শরীরচর্চা শিক্ষক মো. মাইন উদ্দিন মন্তব্য করেন, মৃদুল বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।




