আগামীর সময়ে সংবাদ প্রকাশ, শ্যামনগরে সরকারি জমি দখলমুক্ত

শ্যামনগরে সরকারি জমি উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
জমিটি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ নিয়ে দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর আজ শনিবার অভিযান চালায় প্রশাসন।
আজ বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের নির্দেশে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি সরকারি জমিতে পুঁতে রাখা খুঁটি ও নেটের বেড়া সরিয়ে ফেলার নির্দেশ দেন।
অভিযান চলাকালে সাংবাদিকদের আবু সুফিয়ান বলেন, ‘জমিটি নেট দিয়ে ঘিরে রাখা হয়েছিল। যারা ঘিরেছিলেন, তাদের কাছ থেকে নেট কিনে নেওয়া হয়েছে। ওই ঘেরা এখন ভূমি অফিসের তত্ত্বাবধানে থাকবে। জমি সরকারের দখলেই থাকবে এবং ঘেরের ভেতরে কিছু রাখা হবে না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি রাতের আঁধারে খুঁটি ও নেট দিয়ে ঘিরে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযানের আগে জমি দখলের অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ বলেছিলেন, ‘মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখলের অভিযোগ তারা পেয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



