প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ডে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, ডাল ও ভাত। এ সময় প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার খান।
এর আগে ঢাকা থেকে টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় সবার কাছে দোয়া চান।
পরে মাদ্রাসা ও এতিমখানায় খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।



