জনগণকে সঙ্গে নিয়ে পথে পথে প্রতিরোধ করা হবে: রিজভী

যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
‘পরাজিত ফ্যাসিস্টরা’ এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে পথে পথে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
আজ বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ, কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত লোকদের আমরা চিহ্নিত করব এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বলব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। আর যাতে কারও বাড়ি না পোড়ে, কারও গাড়ি না পোড়ে এবং কেউ হত্যাকাণ্ডের শিকার না হয়, সেজন্য দেশকে স্থিতিশীল রেখে গণতান্ত্রিক যাত্রাকে সুচারুভাবে এগিয়ে নেওয়াই আমাদের চেষ্টা।’
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরের ‘ভয়ংকর দুঃশাসন’ থেকে মুক্তি পেতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্ভেজাল সরকার গঠিত হয়েছে।
বর্তমান সরকারের উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, ‘ক্ষমতায় আসার পর সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছে। একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে।’
উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল কাটার প্রতিশ্রুতি দিয়েছিলেন; এরই মধ্যে প্রায় ৯০০ থেকে ১ হাজার কিলোমিটার খাল কাটা হয়ে গেছে। এ ছাড়া গত সাত-আট মাসে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে চার-পাঁচ কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং মানুষ হত্যা করছে।
তিনি বলেন, ‘গত দু-তিন দিনের মধ্যে একজন কৃষক দলের নেতা ও একজন জাসাস নেতাকে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় আক্রমণ চালিয়ে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। তারা এক ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে।’
এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লালমনিরহাটের এক সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, ‘সংবিধানকে আরও গণতান্ত্রিক করতে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা হচ্ছে। তবে সনদের কিছু বিষয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে। বিষয়টি সমাধানে সংসদে থাকা বিরোধী দলগুলোকে আলোচনার জন্য ডাকা হয়েছে।’ আলোচনার মাধ্যমে এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।



