এমপি যখন ক্লাসের মনোযোগী ছাত্র

শিক্ষিকা সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হলেন এমপি। তিনি বসে যান ছাত্রদের সঙ্গে, শিক্ষিকাকে বলেন ক্লাস চলমান রাখতে। তিনি মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘণ্টা ক্লাস করেন। এক ছাত্রীর কাছে কবি নজরুলের ‘কুলি মজুর’ কবিতার আবৃত্তি শোনেন।
আজ সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে ৭ম শ্রেণির বাংলা ক্লাসরুমে এভাবেই শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে বসেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
দেশব্যাপী হাম- রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান। এ সময় ৭ম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন জনৈক শিক্ষিকা।
তিনি অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে ছাত্রদের সঙ্গে বেঞ্চে বসেন এবং শিক্ষিকাকে ক্লাস চলমান রাখতে বলেন। এ সময় আর কাউকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেন।
ক্লাসের এক পর্যায়ে এক ছাত্রীর কাছে কবি নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতাটির আবৃত্তি শোনেন, শেষদিকে এমপি দাড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

