সরাইলে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা রনিসহ গ্রেপ্তার ৫

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলামকেও (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রনি মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। হৃদয় মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের মামলা চলমান রয়েছে। অপর তিনজন দীর্ঘদিন ধরে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।




